সহকারী শিক্ষক মো. আজিজার রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে। বাইসাইকেলে চড়ে হ্যান্ডমাইকে প্রচারণার দৃশ্য নজর কেড়েছে স্থানীয়দের। গ্রামে গ্রামে ঘুরে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে।
আজিজার রহমানের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রজ্জব মণ্ডলের ছেলে ও স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নির্বাচনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারি যানবাহন নেই। আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনি প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন হ্যান্ডমাইক কাঁধে বেঁধে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে জনসংযোগের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। এ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে এ পর্যন্ত সহস্রাধিক পথসভা করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুধু এবারই নয় এর আগেই ওই আসন থেকে তিনি উপ-নির্বাচনসহ চারবার এমপি প্রার্থী হয়েছেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন। তবে কোনো নির্বাচনেই তিনি জয়ী হতে পারেননি।
আজিজার রহমানের নির্বাচনি প্রচার-প্রচারণার জন্য কোনো কর্মীবাহিনী না থাকায় একাকি পথসভা ও সাধারণ ভোটাদের সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছেন। এভাবে প্রতিদিন বাইসাইকেল আর হ্যান্ডমাইক গলায় বেঁধে জনসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।
আজিজার রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মাঝে আমার ব্যাপক সাড়া উঠেছে। আমি নির্বাচিত হলে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাবো।
গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এ আসনে ১৪৫ ভোটকেন্দ্রে ৯৫২ কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
আনোয়ার আল শামীম/এমএন/এমএস