জাতীয়

হজযাত্রী প্রতিস্থাপনে সোমবারের মধ্যে প্রমাণক দাখিল করতে হবে

হজযাত্রী প্রতিস্থাপনে হজ এজেন্সিগুলোকে মৃত্যু বা গুরুতর অসুস্থতার (না যেতে পারা হজযাত্রীর) প্রমাণক সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

এ বিষয়ে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সি ও লিড এজেন্সিগুলোর কাছে রোববার (১ ফেব্রুয়ারি) চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর নিবন্ধিত কোনো হজযাত্রী হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি প্রমাণ দাখিল করে ৮ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।

চিঠিতে বলা হয়, নিবন্ধিত হজযাত্রীর মৃত্যু বা গুরুতর অসুস্থতার কারণে হজে গমন সম্ভব না হলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২-এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপনের অনুমতি রয়েছে। এ ক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিস্থাপন কার্যক্রম সম্পন্ন করা যাবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৩০টি এজেন্সি ও লিড এজেন্সি ৫ হাজার ৭০৯ জন হজযাত্রীর প্রতিস্থাপন করেছে। এসব প্রতিস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মূল হজযাত্রীর মৃত্যুসনদ অথবা গুরুতর অসুস্থতার প্রমাণপত্র সোমবারের মধ্যে হজ অনুবিভাগে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরএমএম/এমআইএইচএস