নব্বই দশকের বাংলা গানের জগতে যার সুর মানেই ছিলো আলাদা এক আবেগ, তিনি প্রিন্স মাহমুদ। আইয়ুব বাচ্চুর কণ্ঠে কালজয়ী ‘বেলা শেষে ফিরে এসে’, জেমসের ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’ কিংবা হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’- প্রতিটি গানে সুরকার হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। যেখানে হাত দিয়েছেন, সেখানেই সৃষ্টি হয়েছে সোনা।
নব্বইয়ের প্রজন্মের শ্রোতাদের পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় প্রিন্স মাহমুদ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানটির সুর করে আবারও আলোচনায় আসেন তিনি। গানটির জন্য তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না’ গানের সুরের জন্য এই পুরস্কার পেয়েছি। ভালো লাগা তো অবশ্যই, অনেক ভালো লাগা-এই ভালো লাগার শেষ নেই। দেরিতে হলেও পেয়েছি, এটা অন্যরকম এক অনুভূতি। যে কোনো প্রাপ্তিই দায়িত্ব বাড়িয়ে দেয়। এখন দায়িত্ব আরও বেড়েছে, তাই কাজের ব্যাপারে নিশ্চয়ই আরও মনোযোগী হবো।’আরও পড়ুন‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওনফেসবুক ভর্তি ভুয়া আইডি ও পেজ, অভিনেত্রী মৌয়ের কড়া হুঁশিয়ারি
তবে পুরস্কারপ্রাপ্তির এই আনন্দের পেছনে রয়েছে দীর্ঘদিনের আক্ষেপও। তিনি জানান, প্রায় ২২-২৩ বছর আগে জেমসের জনপ্রিয় গান ‘মা’-এর জন্য তার পুরস্কার পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পাননি। সেটি তখন তাকে ভীষণ কষ্ট দিয়েছিলো।
একইভাবে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’-এর ‘জেলখানার চিঠি’ গানটির জন্যও কোনো স্বীকৃতি না পাওয়ায় তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন। বারবার এমন অভিজ্ঞতার কারণে ধীরে ধীরে তিনি বিষয়টিতে অভ্যস্ত হয়ে যান। তবে হঠাৎ করে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ঈশ্বর’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তাকে নতুন করে আনন্দে ভরিয়ে দিয়েছে।
ভবিষ্যৎ কাজ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ জানান, ইতোমধ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন, যা ২০২৬-২৭ সাল পর্যন্ত চলবে। তিনি বলেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কথা বিবেচনা করে এখন গানের কাজ কিছুটা কমিয়ে আনতে চান। ‘বর্তমান বয়সে অতিরিক্ত কাজের চাপ আর নিতে পারছি না’- বলেছেন এই গুণী সুরকার।
আশির দশকে দ্য ব্লুজ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ছিলেন প্রিন্স মাহমুদ। নব্বইয়ের শুরুতে ফ্রম ওয়েস্ট নামে একটি ব্যান্ড গড়েন তিনি। সেই ব্যান্ডেও ভোকালিস্ট হিসেবে ছিলেন, তবে গানে তার কণ্ঠ খুব বেশি দিন পাওয়া যায়নি। পরে গানের কথা ও সুরে মন দেন।
‘মা’, ‘বাবা’, ‘জন্মদিন’, ‘বাংলাদেশ’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘বেলা শেষে’, ‘সোনার মেয়ে’, ‘ফেরানো গেল না কিছুতেই’, ‘হয়নি যাবার বেলা’, ‘শেষ দেখা’র মতো গানে পাওয়া গেছে তাকে। ‘সে যে এখন আমায় ভালোবাসে না’, ‘মাটি হব মাটি’, ‘দুনিয়া তোর সঙ্গেতে নাই’, ‘ছিপ নৌকো’র মতো জনপ্রিয় গানও করেছেন প্রিন্স মাহমুদ। ক্যারিয়ারের বেশির ভাগ সময় ব্যান্ডের গান করলেও ‘জিরো ডিগ্রী;, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমার গান করেছেন তিনি।
এমআই/এলআইএ