জাতীয়

প্রথমবারের মতো সিইসির সঙ্গে জামায়াতের নারী নেত্রীদের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন জামায়াতের নারী শাখার চার গুরুত্বপূর্ণ প্রতিনিধি। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠকে বসে দলটি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে সিইসির কাছে নানা অভিযোগ উপস্থাপন করা হয়।

বৈঠকে জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, জামায়াতের নারী বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, জামায়াতের নারী শাখার সদস্য মারজিয়া বেগম ও জামায়াতের নারী শাখার সদস্য ডা. হাবিবা চৌধুরী অংশ নেন।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের ও বাংলাদেশ জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

এসময় নূরুন নেসা সিদ্দীকা বলেন, আমরা ঘরে বসে থাকতে পারি না। সিইসিকে স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের নারীদের ভোটের মাঠে বাঁধা দেওয়া হচ্ছে। ৫০ শতাংশ নারীরা সুষ্ঠু পরিবেশ চায় যাতে করে ভোট দিতে পারেন। একটা গভীর ষড়যন্ত্র চলছে। জামায়াত নারীদের সম্মান করে। নারীদেরকে অধিকার ও সম্মান দিচ্ছে। কিছু মহল এই অ্যাক্টিভিটিজ পছন্দ করছে না। নারীদের কেউ রুখতে পারবে না, আমরা রুখে দাঁড়াবো। আমরা আমাদের মতামত প্রতিষ্ঠিত করবো।’

এমওএস/এমআইএইচএস/