ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থীকে ইঙ্গিত করে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো, শেখ হাসিনার গুণ গাইতো, এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে। এরকম মানুষকেও তো নমিনেশন দিতে হয়! আফসোস লাগে এতোবড় দল প্রার্থী খুঁজে পাইলো না।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড্ডা পাড়ায় আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় রুমিন ফারহানা আরও বলেন, দল গোলামি করতে পারে কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ সেটা করবে না। এখনো এক প্রার্থী সদরের (ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর) দিকে তাকিয়ে থাকে। সেখানকার এমপি প্রার্থীকে ‘আব্বা আব্বা’ বলে ডাকে।
বিকেলে উপজেলার উচালিয়াপাড়া এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন রুমিন ফারহানা। এসময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে ‘খাওয়া পার্টি’ থাকবে না। বরাদ্দের ৫০ শতাংশ এমপি আর ২৫ শতাংশ খাওয়া পার্টির পকেটে যাওয়ার যে সংস্কৃতি দেশে চালু আছে, এটা আমার ক্ষেত্রে হবে না।’
রাজনৈতিক অধিকারের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশে যে কোনো দলের রাজনীতি করা নাগরিকদের মৌলিক অধিকার। সুতরাং কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে কাউকে জুলুম বা নির্যাতনের শিকার হতে দেওয়া হবে না। কারও নামে মিথ্যা মামলা দেওয়া হবে না। কাউকে বিনা অপরাধে কারাগারে নিলে আমি নিজে তার জামিনের জন্য কাজ করবো।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী করা হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল-হাবিবকে। বিএনপির সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বহিষ্কার করে দল।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম