ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এআই চ্যাটবট ‘গ্রক’-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির আইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (১ ফেব্রুয়ারি) এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
গ্রকের ছবি তৈরির সুবিধা ব্যবহার করে নারী ও শিশুদের অশ্লীলভাবে উপস্থাপন করা যাচ্ছিল—এমন অভিযোগ ওঠার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে এই চ্যাটবট।
এই উদ্বেগের কারণে ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও ফিলিপাইনও সাময়িকভাবে গ্রকের ব্যবহার বন্ধ করে দেয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ডিপফেক ছবি নিয়ে দেশগুলো উদ্বিগ্ন ছিল।
ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেকজান্ডার সাবার জানান, এক্স কর্প লিখিতভাবে সেবার উন্নয়ন ও অপব্যবহার রোধে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় শর্তসাপেক্ষে গ্রকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মন্ত্রণালয় গ্রকের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে। কোনো নিয়ম লঙ্ঘন হলে আবারও নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআই, যারা গ্রক তৈরি করেছে, এ বিষয়ে এএফপির অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
তবে গত মাসে ফিলিপাইনকে তারা জানিয়েছিল, স্থানীয় বাজারের উপযোগী করতে গ্রককে পরিবর্তন করা হবে। এর মধ্যে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত সব ধরনের পর্নোগ্রাফিক কনটেন্ট সম্পূর্ণভাবে বাদ দেওয়ার বিষয়ও রয়েছে।
মালয়েশিয়াও এক্স-এর কাছ থেকে অতিরিক্ত নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থার প্রতিশ্রুতি পাওয়ার পর গ্রকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
এদিকে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ইউরোপীয় ইউনিয়ন নারী ও শিশুদের নিয়ে তৈরি ডিপফেক ছবি নিয়ে গ্রকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
এই পরিস্থিতিতে গ্রক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে শুধু অর্থপ্রদানকারী গ্রাহকরাই ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: এএফপি
এমএসএম