দেশজুড়ে

সাতক্ষীরায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ হাজার ৭৭০ ভোটার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি আসনে ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। এর মধ্যে নিবন্ধিত প্রবাসী ভোটার রয়েছেন ৫ হাজার ৬৮৬ জন এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার রয়েছেন ১৩ হাজার ৮৪ জন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন কার্যক্রম চলে। নিবন্ধন সম্পন্ন হওয়া ভোটারদের কাছে ইতোমধ্যে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী ভোট প্রদান করে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।

সূত্র মতে, সাতক্ষীরা-১ সংসদীয় আসনে পাঁচ হাজার ৮৫৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ২ হাজার ৫৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৯৮১ জন ও নারী ৭৫ জন। এছাড়া দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার রয়েছেন ৩ হাজার ৭৯৯ জন, যার মধ্যে পুরুষ ২ হাজার ৮৭২ জন এবং নারী ৯২৭ জন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন।

সাতক্ষীরা-২ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন। এ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৪৪ জন ভোটার, যা জেলার মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রবাসী ভোটার এক হাজার ৬৯৪ জন, পুরুষ এক হাজার ৬০১ জন ও নারী ৯৩ জন। দেশে থাকা কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার রয়েছেন ৪ হাজার ৫৫০ জন, যার মধ্যে পুরুষ ৩ হাজার ২৩৬ জন ও নারী এক হাজার ৩১৪ জন।

সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৪ হাজার ৪৬২ জন ভোটার। এরমধ্যে প্রবাসী ভোটার ১ হাজার ২৩৫ জন, পুরুষ ১ হাজার ১৯৮ জন ও নারী ৩৭ জন। এছাড়া কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার রয়েছেন ৩ হাজার ২২৭ জন, যার মধ্যে পুরুষ ২ হাজার ৫১৯ জন এবং নারী ৭০৮ জন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ২২১ জন।

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫২ জন। এ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২ হাজার ২০৯ জন ভোটার। এর মধ্যে প্রবাসী ভোটার ৭০১ জন, পুরুষ ৬৬৫ জন ও নারী ৩৬ জন। এছাড়া সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটার রয়েছেন ১ হাজার ৫০৮ জন, যার মধ্যে পুরুষ ১ হাজার ১৫০ জন ও নারী ৩৫৮ জন।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দিয়ে ডাক বিভাগের মাধ্যমে তা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার জানান, বর্তমানে সাতক্ষীরা জেলায় ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩ হাজার ৪১০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস