দেশজুড়ে

সীতাকুণ্ডে ৯ লাখ টাকার জাটকা জব্দ, গেলো এতিমখানায়

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্রিজিং কাভার্ডভ্যান ভর্তি আড়াই টন জাটকা পাচারকালে জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

উপজেলা মৎস দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন ভাটিয়ারী শাখা এবং বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এসব জাটকার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানা গেছে। আইনগত ব্যবস্থার পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া করা হয়েছে।‎‎সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে ফ্রিজিং কাভার্ডভ্যানে করে জাটকা ঢাকায় নিয়ে যাচ্ছে। হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড, পূর্বজোন ভাটিয়ারী শাখা কর্মকর্তাদের উপস্থিতিতে কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে আড়াই মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জাটকা বেচাকেনা ও বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। এসব জাটকার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

এম মাঈন উদ্দিন/এমএন/এমএস