জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অতীতে অনেক সরকার মনে করত ভারতের তোয়াজ না করে ক্ষমতায় থাকা যায় না। কিন্তু আমরা মনে করি, শুধু আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করেও মর্যাদার সাথে দেশ চালানো সম্ভব। ১১-দলীয় জোট বিজয়ী হলে ভারতের কাছে মাথা নত করা হবে না এবং দেশের স্বাধীনতাও বিক্রি হবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ইসলামী সমমনা, বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই বিপ্লবের দল মিলে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে অতীতের সরকারের সঙ্গে আমাদের প্রথমে যে গরমিল হবে, সেটা হলো দুর্নীতি বন্ধ করে দিব। দুর্নীতি খতম হয়ে যাবে, কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরাও যদি অন্যায় করে, তাহলে শাস্তি দেওয়া হবে। দলীয় পরিচয়ে অন্যায় করে কোনো প্রশ্রয় আমাদের কাছে পাবে না।
তিনি আরও বলেন, গত ৫৬ বছরে আমরা বিভিন্ন দলের শাসন দেখেছি। নাম ভিন্ন হলেও চরিত্রগতভাবে তারা প্রায় একই ছিল—সবার আমলেই লুটপাট, খুন ও দুর্নীতি হয়েছে। এবারের নির্বাচন কেবল এমপি হওয়ার নয়, বরং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা মানুষের মন জয় করে একটি ঐতিহাসিক বিজয়ের প্রতীক্ষায় আছি।
ডা. তাহের বলেন, মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চাই। আমরা ঐতিহাসিক একটা বিজয়ের জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে যাতে নির্বাচিত হতে পারি। এজন্য সবাই মিলে কাজ করতে হবে। যারা যে দলেরই অনুসারী হোন না কেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্দ পাশ হয়েছে। আমরা একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি।
গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, গুণবতী ইউনিয়ন সাথী শাখার সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন প্রমুখ।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম