লাইফস্টাইল

মেটালিক শাড়িতে মনামীর বোল্ড স্টাইল স্টেটমেন্ট

শাড়িকে অনেকেই এখনো শুধুই ঐতিহ্যবাহী পোশাক হিসেবেই ভাবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চিরাচরিত পরিধান যে কতটা আধুনিক, সাহসী আর আন্তর্জাতিক ফ্যাশন স্টেটমেন্টে রূপ নিতে পারে মনামী ঘোষের সাম্প্রতিক লুক তার জ্বলন্ত উদাহরণ। মেটালিক আবহে মোড়া এই শাড়ি লুকে একদিকে যেমন আছে গ্ল্যামার, অন্যদিকে তেমনি স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ।

স্টাইলিংয়ের ক্ষেত্রে মনামী বরাবরই স্পষ্ট, তিনি কোনো ছাঁচে নিজেকে আটকে রাখেন না। পাশ্চাত্য পোশাক হোক বা শাড়ি, প্রতিটি লুকেই তার ব্যক্তিত্ব ও রুচির স্বাক্ষর থাকে আলাদা করে। পোশাকের সঙ্গে মানানসই অঙ্গভঙ্গি, গয়নার বাছাই, মেকআপ ও হেয়ারস্টাইল সব মিলিয়ে তার উপস্থিতি হয়ে ওঠে পরিপূর্ণ।

সোশ্যাল মিডিয়ায় মনামী নিয়মিতই ভিন্ন ভিন্ন লুকে নজর কাড়েন। আবার যেকোনো অনুষ্ঠান বা ইভেন্টে তার উপস্থিতি মানেই চোখে পড়ার মতো স্টাইল এক্সপেরিমেন্ট। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাম্প্রতিক লুকে তিনি ক্ল্যাসিক শাড়িকে নতুনভাবে উপস্থাপন করে আবারও প্রমাণ করলেন ফ্যাশনে ঝুঁকি নিতেই তিনি স্বচ্ছন্দ।

প্রথম দেখায় মেটালিক মনে হলেও, আসলে মনামী পরেছেন ডাস্টি পার্পেল রঙের ভেলভেট শাড়ি। আধুনিক ড্রেপিংয়ের সঙ্গে শাড়ির ভারী টেক্সচার তৈরি করেছে পাওয়ারফুল সিলুয়েট। এর সঙ্গে পরা স্ট্র্যাপলেস, স্ট্রাকচার্ড কোরসেট ব্লাউজটি পুরো লুকের মূল আকর্ষণ যা শাড়িকে দিয়েছে বোল্ড ও হাইফ্যাশন টুইস্ট।

গয়নার ক্ষেত্রে বাড়তি কিছু না করে বেছে নেওয়া হয়েছে সাদা স্টোনের চোকার ও কানে ছোট ঝলমলে স্টাড। হাতে একাধিক স্টেটমেন্ট রিং লুকটিকে আরও শার্প করেছে। ডার্ক রেড নেইলপলিশ যোগ করেছে সাহসী রঙের ছোঁয়া।

মেকআপে রাখা হয়েছে গ্ল্যাম অথচ পরিমিত ভারসাম্য। ডিউই ফিনিশ ত্বকে ন্যাচারাল গ্লো, চোখে শিমারি আইশ্যাডো ও নিখুঁত আইলাইনার, ঠোঁটে বার্ন্ট অরেঞ্জ শেডের লিপস্টিক সব মিলিয়ে তৈরি হয়েছে এলিগ্যান্ট অথচ স্ট্রং লুক। চুলে হাফ-আপ, হাফ-ডাউন স্টাইল, সামনে স্লিক ফিনিশ আর পেছনে সফট কার্ল পুরো স্টাইলিংকে দিয়েছে আধুনিক ছোঁয়া।

মনামী ঘোষের এই লুক আবারও মনে করিয়ে দেয় শাড়ি শুধু ঐতিহ্যের প্রতীক নয়, চাইলে তা দিয়েই তৈরি করা যায় সাহসী, আধুনিক ও আন্তর্জাতিক মানের ফ্যাশন স্টেটমেন্ট। আত্মবিশ্বাস আর সঠিক স্টাইলিং থাকলে শাড়িও হতে পারে পাওয়ার ড্রেসিংয়ের অন্যতম অনুষঙ্গ।

জেএস/