জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়তে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’-এ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে পার্বত্য অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা জানানো হয়।
জামায়াতের আমির বলেন, পরিকল্পনার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে সময়োপযোগী ও বাস্তবমুখী করতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে, যেন অঞ্চলের সব জনগোষ্ঠীর ন্যায্য দাবি ও প্রত্যাশা যথাযথভাবে প্রতিফলিত হয়।
ইশতেহারে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নিরাপদ পানির মতো মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বিভেদ ও বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সকল সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথাও পরিকল্পনায় তুলে ধরা হয়েছে, যেন অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা করা যায়।
এমডিএএ/এমআরএম