দেশজুড়ে

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন বি কম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে দুঃশাসন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রের সংকট চলছে। জনগণের ন্যায্য অধিকার বঞ্চিত হওয়ার এই বাস্তবতায় কেন্দ্রীয় জোট ও স্থানীয় সমঝোতার ভিত্তিতে মুরাদনগর উপজেলায় গণঅধিকার পরিষদ ও বিএনপি পারস্পরিক আলোচনা ও দায়িত্বশীল রাজনৈতিক উপলব্ধির মাধ্যমে জোটবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের দায়বদ্ধতা থেকে জন্ম নেওয়া একটি ঐক্য।

জোটের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে ফরিদ উদ্দিন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অন্যায়-দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং মুরাদনগরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোই এই জোটের মূল লক্ষ্য।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বিভক্তি নয়, ঐক্যই জনগণের শক্তি। এই ঐক্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; এটি মুরাদনগরের মানুষ, দেশের মানুষ ও গণতন্ত্রের পক্ষে নেওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

এসময় তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী সব শক্তির প্রতি এই ঐক্যের পাশে থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় ও স্থানীয় সমঝোতার মাধ্যমে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি উপজেলা গণঅধিকার পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সব নেতাকর্মীকে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামাল, সাধারণ সম্পাদক রশিদ রানা, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য জহিরসহ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস