লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের আগে বিএসএফের উপস্থিতিতেই ভারতীয় নাগরিকরা ওই বাংলাদেশিদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মারধরের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বর্তমানে আটকরা ভারতীয় পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তাদের আটক করে ভারতীয় পুলিশে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬-এর ৩ নম্বর উপপিলার সংলগ্ন এলাকা দিয়ে একদল বাংলাদেশি গরু পাচারকারীদের সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরদিন মঙ্গলবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকায় তারা স্থানীয়দের নজরে পড়েন। এসময় স্থানীয় ভারতীয় গ্রামবাসী ধাওয়া করে ওই ছয় যুবককে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও সূত্রমতে, আটকের পর স্থানীয়রা তাদের ওপর ব্যাপক মারধর চালায়। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে বিএসএফ সদস্যরা উপস্থিত থাকলেও তারা শুরুতে নির্যাতন থামানোর কোনো উদ্যোগ নেননি। পরে বিএসএফের ১৫৬ ফালাকাটা ব্যাটালিয়নের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করেন এবং মাথাভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করেন।
আটক ছয় বাংলাদেশি যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের লিটন মিয়া (৪০), অহেদ আলী (২৮) ও সার্থক হোসেন (২৫), জোংড়া ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩০) এবং শ্রীরামপুর ইউনিয়নের মশিউর রহমান (৩০) ও জসীনুর রহমান (২৮)।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় ভারতীয় গ্রামবাসী আটক বাংলাদেশি নাগরিকদের লাঠিসোঁটা দিয়ে মারধর করছে। এসময় কয়েকজন যুবককে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। ঘটনার খবর পেয়ে বিএসএফ ও ভারতীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ভারতের অভ্যন্তরে ছয় বাংলাদেশি নাগরিকের আটকের বিষয়টি আমরা অবগত হয়েছি। এ নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে।
তিনি আরও বলেন, বিএসএফ জানিয়েছে আটক ব্যক্তিরা সম্ভবত গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পার হয়েছিলেন। স্থানীয়রা তাদের ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানতে পেরেছি।
মহসীন ইসলাম শাওন/এফএ/এমএস