চট্টগ্রামকে দক্ষ তরুণদের কেন্দ্র বা ‘স্কিলড ইয়ুথ হাব’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নগরীর ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন সাঈদ আল নোমান। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের তরুণদের মধ্যে বিপুল মেধা ও সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে।
আরও পড়ুনধর্ম কখনোই সাম্প্রদায়িক নয়, মানুষই বিভাজন তৈরি করে: আমীর খসরু
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
রাজনীতি প্রসঙ্গে নোমান বলেন, রাজনীতি ক্ষমতা অর্জনের মাধ্যম নয় বরং মানুষের সেবা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।
গণসংযোগকালে তরুণদের কর্মসংস্থান, শিক্ষা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন।
এমআরএএইচ/বিএ/এমএস