জাতীয়

৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মধ্যে চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাব্বীর হাসান খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা চুক্তিতে সই করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জানানো হয়, সড়ক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা তথা দেশের উন্নয়ন-অগ্রগতিকে আরও বেগবান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প' গ্রহণ করা হয়। প্রকল্পটি ২০২৩ সালের ১৮ এপ্রিল একনেক সভায় অনুমোদিত হয়েছে। 

সড়ক দুর্ঘটনাজনিত হতাহত এবং গুরুতর আঘাতের সংখ্যা কমানো এবং প্রকল্প সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনের জন্য প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সড়ক নিরাপত্তা সংক্রান্ত 'সেইফ সিস্টেম অ্যাপ্রোচ' এর পাইলটভিত্তিক বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক নিরাপত্তা সংক্রান্ত 'সেইফ সিস্টেম অ্যাপ্রোচ' এর পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম প্রধান একটি স্তম্ভ হলো দক্ষ চালকের মাধ্যমে যানবাহন চালনা। এ লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে ৪০ হাজার জন নতুন দক্ষ চালক তৈরির জন্য চার মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া পেশাদার ২০ হাজার জন চালককে সড়ক নিরাপত্তা, পথচারীদের অধিকার ইত্যাদি বিষয়ে এবং যানবাহন চালনায় উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ মোট ৬০ হাজার জনকে যানবাহন চালনায় প্রশিক্ষণ দেওয়া হবে। 

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পের এ সংক্রান্ত প্যাকেজটি অনুমোদিত হয়েছে। এ প্যাকেজের আওতায় প্রশিক্ষণ দিবে সরকারি সংস্থা 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন'। প্রশিক্ষণ কার্যক্রমটি সারা দেশে বিদ্যমান বিআরটিসি’র ২৭টি ট্রেনিং ইনস্টিটিউট/সেন্টারে অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ কেবল দক্ষ চালকই তৈরি করবে না, বরং দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাসে অবদান রাখবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের ৩টি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের (বাংলাদেশ পুলিশ, ডিজিএইচএস এবং বিআরটিএ) কর্মকর্তা এবং বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরএমএম/জেএইচ