কক্সবাজার-টেকনাফ হাইওয়ে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, সকালে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়া পাড়া এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও ৮ জন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে থানা ও স্থানীয় পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
জাহাঙ্গীর আলম/এনএইচআর/জেআইএম