দেশজুড়ে

এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: ছাত্রদল সম্পাদক

নোয়াখালী-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এক আপদ বিদায় করতে না করতেই আরেক বিপদ ঘাড়ে চেপে বসেছে। ওই বিপদের পাল্লায় পড়লে আগামী ৫ বছর আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুবর্ণচর চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, বিগত ১৫ বছর কবিরহাট থেকে এসে আওয়ামী লীগের বহিরাগত এমপি একরাম চৌধুরী আমাদের ওপর আপদ হয়ে ছড়ি ঘুরিয়েছে। এখন আবার বাইরে থেকে আরেক বিপদ এসে আপনাদের ভোট চাচ্ছে। সাবধান থাকতে হবে। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।

তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি এ পদে এলে উন্নয়নের অভাব হবে না। আমাদের এ উপজেলায় একটি পৌরসভা গঠন ও বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন করতে হবে।

নাছির উদ্দীন বলেন, আমাদের দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলের খাস জমি সঠিক বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ইকবাল হোসেন মজনু/এমএন/জেআইএম