শিক্ষা

স্বাস্থ্য ক্যাডারের ৩০০ পদে বিজ্ঞপ্তি, শুধু ভাইভার মাধ্যমে নিয়োগ

উচ্চতর গ্রেডে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে এ নিয়োগের আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৮ মার্চ পর্যন্ত। ১০০ নম্বরের শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক। ১ ফেব্রুয়ারি তারিখে অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালট্যান্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ নিয়োগে শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০। এতে পাস নম্বর বিবেচিত হবে ৫০। মৌখিক পরীক্ষার নম্বর গোপনীয় থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি।

এএএইচ/বিএ