বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, কিন্তু জনগণ তাকে বাধ্য করেছে। বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার পথ বেছে নেবে না। যেদিন দেশের মানুষ বলবে তারা তারেক রহমানের নেতৃত্ব পছন্দ করছে না, সেদিনই তিনি জনতার ক্ষমতা জনতার হাতে দিয়ে চলে আসবেন।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা বিএনপির নামে গিবত বলে বেড়াচ্ছে। আপনারা জানেন, গিবত করা কত বড় অপরাধ। তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী কী কোনোদিন জান্নাতের টিকিট বিক্রি করেছেন? তারা কত বড় ভণ্ড ও প্রতারক। বছরের পর বছর বিএনপিকে দেখে মানুষের বিএনপির প্রতি আস্থা তৈরি হয়েছে। মানুষ জানে বিএনপি কারো গোলামি করে না। দ্বিতীয় কারণ হলো জনগণ তারেক রহমানকে চেনেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জমিয়তে ইসলাম জেলা শাখার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, জেলা গণফোরাম সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী।
শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম