নোয়াখালীতে ছয়টি আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে পাঁচ বাহিনীর ২২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
মহড়ায় ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা হলে কিভাবে স্তরে স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্র রক্ষা করবে তা প্রদর্শন করা হয়। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ঠেকানোর দৃশ্য প্রদর্শন করা হয়।
এ ছাড়া দুর্গম ও চরাঞ্চল এলাকার ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারযোগে কিভাবে সেনাসদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই কার্যক্রমের প্রস্তুতিও পরিদর্শন করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার বলেন, সর্বসাধারণকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা এবং ভোটের পরিবেশ নির্বিঘ্ন করাই এ মহড়ার লক্ষ্য। সেইসঙ্গে কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাসহ সব বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করা। সেনাবাহিনী যেকোনো কেন্দ্রে দ্রুততার সঙ্গে এ ধরনের ব্যবস্থা নিতে সক্ষম।
তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্বপালনকারী যেকোনো কর্মকর্তা বা বাহিনীর সদস্য আহত হলে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করতে সক্ষম সেনাবাহিনী। যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য প্রয়োগ করে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে ও জনগণকে সাহায্য করবে।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোজাহিদুল ইসলাম, লেফটেনেন্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার, মেজর রাব্বি, মেজর তাফসীর প্রমুখ।
ইকবাল হোসেন মজনু/এনএইচআর/এএসএম