দেশজুড়ে

মাগুরায় ৬৫ শতাংশ কেন্দ্র ঝুঁকিতে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনের প্রায় ৬৫ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জানতে পারি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনে মোট ৩০১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৪৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৫৪টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। মাগুরা–১ আসনে ৩৮টি এবং মাগুরা–২ আসনে ১৬টি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

মাগুরা–১ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মাগুরা–২ আসনে চারজন প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। ভোটারদের মধ্যে ধারণা, মাগুরা-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে লাইভ বডি-অন ক্যামেরা থাকবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, মাগুরা জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৪০৯ জন। এর মধ্যে মাগুরা–১ আসনে ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৫ ০জন। এই আসনে ১৫৬টি ভোটকেন্দ্রের ৮২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অপরদিকে মাগুরা–২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন। এখানে ১৪৫টি ভোটকেন্দ্রের ৭৯৭টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। মোট ১৬২৫ কক্ষে ভোট গ্রহণ হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় মোতায়েন থাকবে ১ হাজার ৮৭ জন পুলিশ সদস্য, ৩ হাজার ৪০৮ জন আনসার সদস্য এবং ৫০০ জন বিজিবি সদস্য। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে সেনাবাহিনীর একটি করে টহল দল এবং প্রতিটি উপজেলায় র‍্যাবের একটি করে টহল দল দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পুলিশ।

রিটার্নি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ জেলা প্রশাসক জানান, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ভোটগ্রহণ হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। মাগুরাতে শতভাগ ৩০১টি ভোটকেন্দ্র প্রতিটি কেন্দ্রে মিনিমাম ৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মাগুরায় ৬৫ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি-ক্যামেরায় নজরদারিতে রাখা হয়েছে। আমরা আশা করছি আগের মত নির্বাচন আর হবে না।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এএসএম