নোয়াখালীর সুবর্ণচরে বেলায়েত হোসেন সেলিম নামের এক জামায়াত নেতার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরের দিকে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিন হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
বেলায়েত হোসেন মোহাম্মদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বেলায়েত হোসেন সেলিমের অভিযোগ, রাত ৩টার পরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা তাকে খুঁজতে থাকেন। তারা কুপিয়ে ঘরের টিনের বেড়া কাটেন ও দরজা ভাঙার চেষ্টা করেন। এসময় আশপাশের লোকজন বের হলে তারা পালিয়ে যান।
তিনি বলেন, ‘আমি তাদের দেখিনি। তবে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে। আমি দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করায় এ হামলা হয়েছে বলে মনে করি। আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।’
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সুবর্ণচর ও সদর উপজেলা নিয়ে নোয়াখালী-৪ আসন গঠিত। নির্বাচনে এখানে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের জেলা আমির ইসহাক খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ আসনে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ আর পাঁচজন প্রার্থী রয়েছেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম