নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ইতিমধ্যে জেলা থেকে ব্যালট পেপার উপজেলায় পৌঁছে গেছে। আগামীকাল বুধবারের (১১ ফেব্রুয়ারি) মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। সকাল থেকে ব্যালট দেওয়ার কাজ শুরু করবো। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, ২৯৯ আসনে ভোট হচ্ছে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে ২ হাজার ২৮ প্রার্থী অংশ নেবেন, যার মধ্যে ৮১ জন নারী। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ভোটার। নারী-পুরুষ প্রায় সমান। তিনি আরও বলেন, দেশীয় পর্যবেক্ষক ৪৫ হাজার ৩১৩ জন, বিদেশি ৩৫০। বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন ১৫৬ জন। নির্বাচনে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।
এমওএস/এমএমকে