ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতায়াতে দূরবর্তী শিক্ষার্থীদের বাস না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে মূল গেটে চাকসুর উদ্যোগে এ তালা দেওয়া হয়। বাস না দেওয়া পর্যন্ত তালা খুলবেন না বলে জানিয়েছেন তারা। এতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘নির্বাচনে অংশ নিতে দূরবর্তী শিক্ষার্থীদের বাস দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু ট্রেনের দুটি বগি ভাড়ার জন্য সামান্য টাকা দিচ্ছে। আমরা বাইরে থেকে টাকা ম্যানেজ করে বাস কাউন্টারগুলোতে ঘুরতে ঘুরতে অপারগ হয়ে যখন জানালাম, যত খরচ হয় আমরা সেই টাকা দিয়েই নিয়ে যাবো। তারপরও বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে দেওয়া হোক। কিন্তু প্রশাসন সেটাও দিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে বাস যেতে পারে। কারণ সেগুলো শিক্ষকরা চান তাই দেওয়া হয়। এখন এটা শিক্ষার্থীদের চাওয়া। শিক্ষার্থীদের জন্য বাস না দেওয়া পর্যন্ত মূল ফটক বন্ধ থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আবরারুল হক বলেন, ‘চাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরও বাস দিচ্ছে না। এমনকি চাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, বাসের যত টাকা খরচ হবে সব তারা দেবেন। তারপরও বাস দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা স্পষ্ট শিক্ষার্থী বিরোধী অবস্থান।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ভোট দেওয়াটা সবার ব্যক্তিগত ব্যাপার। বাড়ি যেতে চাইলে নিজ উদ্যোগেই যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বাস দিতে পারবে না। একান্তই সমস্যা থাকলে কর্তৃপক্ষের কাছে আরও আগে জানানোর দরকার ছিল।’
মো. মোস্তাফিজুর রহমান/এসআর/এএসএম