অর্থনীতি

স্ট্যান্ডার্ড ব্যাংক হলো ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলোর তালিকায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ বিষয়ে একই দিনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি)-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ১২৭)-এর ৩৭(২)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ নির্ধারণ করা হয়েছে। ইংরেজিতে ব্যাংকটির নাম হবে Standard Islami Bank PLC।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাম পরিবর্তনের ফলে ব্যাংকটির আইনি সত্তা ও তফসিলভুক্ত অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে ভবিষ্যতে ব্যাংকটি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’ করা হয়েছিল।

ইএআর/এমআরএম