বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের পরিদর্শনের মধ্যদিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম পরিদর্শন করেন ইইউ প্রতিনিধিরা। একই সঙ্গে জেলার ১২টি উপজেলার ৯৮৩টি ভোটকেন্দ্রে নির্বাচনি মালামাল পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন।
সকাল ১০টার দিকে ইইউ প্রতিনিধিদলের সদস্য পল খেলিমার ও ইভিলিন কিভিমা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌঁছান। সেখানে তারা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পল খেলিমার বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। সারাদেশে আমাদের প্রায় ২০০ পর্যবেক্ষক কাজ করছেন। আজ এখানে আমরা ভোটের প্রস্তুতি দেখতে এসেছি এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের এ পর্যবেক্ষণ চলবে।
তিনি আরও জানান, শুধু বগুড়া জেলাতে ইউরোপীয় ইউনিয়নের ৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।
প্রতিনিধিদলের আরেক সদস্য ইভিলিন কিভিমা জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সবচেয়ে বড় দল এবার বাংলাদেশে এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পাশাপাশি স্থানীয় পর্যবেক্ষকরাও মাঠে থাকবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে। বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রের সরঞ্জাম বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল।
বগুড়া সদর উপজেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ জানিয়েছেন, দুর্গম ও দূরবর্তী কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরঞ্জাম পাঠানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় বিকেলের মধ্যে সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এলবি/আরএইচ/এমএন