ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বজলুর রশীদ বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করেছি ও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছি তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম।
বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে ভোটার ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৫০৪টি যার মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ। রাজশাহী বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার সেনাবাহিনী, বিজিবি ৪ হাজার ১২৩, রেঞ্জ পুলিশ ১ হাজার ৩৭৯৬, আরএমপি ২ হাজার ৪০৫, র্যাব ১০০৬, আনসার ৭২ হাজার ৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনারোধে ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২ হাজার ৩১৮ বডি ওন ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সাখাওয়াত হোসেন/এনএইচআর/এমএন