জাতীয়

ঢাকা-৮ আসনে ভোটের সামগ্রী বিতরণ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-৮ আসনের নির্বাচনি সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল স্বচ্ছ ব্যালট বক্স, সিল, ভোটার তালিকা, জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার, অমোচনীয় কালি, বিভিন্ন ফরমসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে কেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নির্বাচনি সামগ্রী বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে থাকা কেন্দ্রের ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বুঝে নেন। নির্বাচনি সামগ্রী আনসার এবং পুলিশ সদস্যরা গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম নির্বাচন কমিশনার থেকে কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে মজুত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন একজন। এ আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্র রয়েছে।

আরএএস/এমএএইচ/