গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। এই আসনের সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তারা দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সংগ্রহ করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রিসাইডিং কর্মকর্তাদের নির্বাচনি সব উপকরণ বিতরণ শুরু করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব সরঞ্জাম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট, ব্যালট বাক্স, সিল, কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, মোম, গানি ব্যাগসহ নির্বাচনি কার্যক্রম পরিচালনার অপরিহার্য বিভিন্ন উপকরণ।
এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-৪ আসনের নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ করার জন্য প্রিসাইডিং অফিসার এবং অন্যরা ধোলাইরপাড় উচ্চ বিদ্যালয় নির্বাচনি কার্যালয়ের সামনে জড়ো হন। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার বিডিপির সদস্যদেরও দেখা যায়।
কৃষি মন্ত্রণালয় থেকে আসা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, আমাদের সকাল ১০টায় এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাই আমরা এখানে এসেছি।
জানা গেছে, ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত।
১১৫টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯ বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪। আর তৃতীয় লিঙ্গের পাঁচজন।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সৈয়দ জয়নুল আবেদীনসহ আটজন।
এফএইচ/এমআইএইচএস