রাজধানীর খিলগাঁও (ঢাকা ১১ আসন) তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজের সামনে ভোট শুরুর আধাঘণ্টা আগে নারী ভোটারদের লাইন দেখা গেছে। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ২৩৯ জন।
সকাল ৭টায় সেখানে ১৬ জন নারীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লাইনের শুরুতে দাঁড়ানো তাসমিহা জানান, মায়ের সঙ্গে তিনি ৭টার আগেই ভোটকেন্দ্রে এসেছেন। জীবনের প্রথম ভোট দেয়ার প্রচণ্ড আগ্রহ তার।
তিনি আরও বলেন, ভোট দেওয়ার জন্য সবার আগে চলে এসেছি, প্রথম ভোটটা আমি দিতে চাই।
এদিকে ওই ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন এসআই অনয় চন্দ্র পাল। তিনি বলেন, একেবারেই নিরবচ্ছিন্ন পরিবেশে এই ভোটকেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করছি। এখন পর্যন্ত পরিবেশ একেবারেই অনুকূলে।
এনএইচ/জেএইচ