জাতীয়

ঢাকা-৬ আসন: সকাল ৭টায় প্রবেশ করেন পোলিং এজেন্টরা

 

সকাল ৭টা। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রে তখনও ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। তবে এ সময় একে একে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এই চিত্র দেখা যায়। ভোটকেন্দ্র এলাকায় তখনো ছিল অপেক্ষাকৃত নীরব পরিবেশ। কেন্দ্রের ভেতরে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

এই ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৩৩ জন এবং নারী ভোটার ১ হাজার ৫৪৫ জন।

এদিকে, ভোটকেন্দ্রের আশপাশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষ থেকে বুথ বসানোর কার্যক্রম চলতে দেখা গেছে। কর্মী-সমর্থকরা বুথ স্থাপন ও প্রয়োজনীয় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে, সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 এমডিএএ/এসএনআর