দেশজুড়ে

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজিবনপুর গ্রামের কেএম হারুন অর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

হারুন অর রশিদের ওই ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কেএম হারুন অর রশিদের প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। ওই বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে সন্তান ঘুমিয়ে ছিল। পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে।

ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা হারুন অর রশিদ বলেন, নির্বাচনে ভয়-ভীতি দেখানোর জন্য প্রতিপক্ষের লোকজন এই অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, বিষয়টি মোবাইলফোনে জেনেছি। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

এম এ মালেক/এনএইচআর/এএসএম