জাতীয়

সকাল সকাল ভোট দিতে এসেছি, ভালো লাগছে

ভোটারদের উপস্থিতির মধ্যে দিয়ে ঢাকা-১৩ আসনে অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।

এই কেন্দ্রে ভোট দিতে আসা প্রথম ভোটার মো. আকবার হোসেন বলেন, সবশেষ ২০০৮ সালে ভোট দিয়েছি এরপর আর ভোট দেওয়া হয়নি। এই জন্য আজ সকাল সকাল ভোট দিতে এসেছি, ভালো লাগছে।

এদিকে, একই কেন্দ্রে সকাল ৮টা নাগাদ জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতিকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মো.মামুনুল হক ভোট দেবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৩ উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২জন, নারী ভোটার ১লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।

এছাড়াও সারাদেশের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

কেআর/এসএনআর