ছেলে-পুত্রবধূর হাতে ভর করে ভোট দিলেন ১০২ বছর বয়সী ছবুরা খাতুন। নানা রোগে-শোকে আক্রান্ত। অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। শারীরিক অক্ষমতার পরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন তিনি। বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছেলে আর পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ছবুরা। তিনি দৌলতপুর এলাকার মৃত আবদুর রউফের স্ত্রী।
সকিনা সাকি জানান, ছবুরা খাতুন সম্পর্কে তার চাচি শাশুড়ি। ভোটের কথা শুনে আগ্রহ প্রকাশ করায় চাচাতো ভাসুর শেখ জানে আলমসহ তাকে ধরে কেন্দ্রে নিয়ে আসেন।
ছবুরা খাতুন বলেন, ‘অনেক বছর পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে।’
নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু পরিবেশ পেয়ে মানুষ আনন্দের সাথে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে অনেক বৃদ্ধ মানুষ ভোট দিতে এসেছেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পর থেকে যতগুলো অভিযোগ পেয়েছি; সব স্থানেই মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে কোথাও ভোটগ্রহণে সমস্যা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’
আবদুল্লাহ আল-মামুন/এসইউ