বিনোদন

ভোট দিয়ে যে প্রত্যাশার কথা জানালেন কনকচাঁপা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। রাজনীতির অঙ্গনের পাশাপাশি সরব রয়েছে শোবিজ তারকারাও। নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা।

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ভোট দিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‌‘সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এলাম। আমাদের চাওয়াও তো সেটাই। আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। যে সরকারই আসুক, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। এর বেশি চাওয়া আমাদের নেই।’

দেশের সার্বিক কল্যাণ কামনা করে কনকচাঁপা আরও বলেন, ‘এই দেশে যারা বসবাস করেন, তারা যেন স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের কাজ করতে পারেন। কেউ চাকরি করলে নিশ্চিন্তে চাকরি করতে পারবেন, ব্যবসায়ী তার ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে।’

তিনি আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে শান্তি ও উন্নয়নের পথে।

এদিকে আজমেরী হক বাঁধন, ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সিসহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা ভোট দিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন।

আজ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হবে- এমন প্রত্যাশাই ব্যক্ত করছেন সাধারণ ভোটার থেকে শুরু করে তারকারা।

 

এলআইএ