নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রে জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চারিতালুক ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকরাম হোসেন চারি তালুক ভোটকেন্দ্রের সামনে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কয়েকজন সমর্থকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেয়।
হামলায় আহত জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন বলেন, ‘আমি সাংগঠনিক কাজে সেখানে গিয়েছিলাম। কিন্তু কোনো উস্কানি ছাড়াই বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।অনতিবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘হামলার খবর পেয়ে দ্রুত ফোর্স পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান জাগো নিউজকে বলেন, ‘আমরা জানতে পারি চারি তালুক কেন্দ্রে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। দলীয় এক সমর্থককে মারধরের ঘটনা ঘটেছে। আমরা তাকে আমাদের হেফাজতে বাড়িতে পৌঁছে দিয়েছি।’
নাজমুল হুদা/এসআর/এমএন