জেফরি এপেস্টেইনের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকার তথ্য প্রকাশের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ‘গোল্ডম্যান স্যাক্স’-এর প্রধান আইন কর্মকর্তা ক্যাথে রুম্মেলার। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাউন্সিলার ছিলেন ক্যাথে রুম্মেলার। তিনি এপেস্টেইনকে ‘আঙ্কেল জেফরি’ বলে সম্বোধন করতেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে ক্যাথে জানিয়েছেন, তিনি ৩০ জুন ২০২৬ থেকে গোল্ডম্যান স্যাক্সের চিফ লিগ্যাল অফিসার ও জেনারেল কাউন্সেল পদ থেকে সরে দাঁড়াবেন। ২০২০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পদত্যাগের আগে পদ না ছাড়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি এপেস্টেইনের সঙ্গে যোগাযোগের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রুম্মেলার। তবে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ইমেইলে দেখা যায়, ২০১৯ সালে দ্বিতীয়বার গ্রেফতারের আগে তিনি এপস্টেইনের সঙ্গে বহুবার যোগাযোগ করেছিলেন।
নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ জুলাই গ্রেফতারের রাতে এপস্টেইনকে মোবাইল ফোনেও কল করেছিলেন রুম্মেলার।
ক্যাথের সাম্প্রতিক বিবৃতিতে এপস্টেইনকে ‘দানব’ বলে উল্লেখ করলেও, অতীতে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল বলে নথিতে উঠে এসেছে। ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ককে পতিতাবৃত্তিতে প্ররোচিত করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও এপস্টেইনের কাছ থেকে তিনি বিলাসবহুল হ্যান্ডব্যাগ ও একটি ফার কোটসহ দামি উপহার গ্রহণ করেছেন বলে জানা গেছে।
২০১৮ সালের এক ইমেইলে ক্যাথে জেফরিকে লিখেছিলেন, ‘খুবই সুন্দর ও যত্নশীল! আঙ্কেল জেফ্রিকে ধন্যবাদ!’
গোল্ডম্যান স্যাক্স হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান। ওয়াল স্ট্রিটে ক্লায়েন্ট ও ব্যাংকার বা আইনজীবীদের মধ্যে দামী উপহার গ্রহণকে সাধারণত নিরুৎসাহিত করা হয়।
গোল্ডম্যান স্যাক্সের আচরণবিধি অনুযায়ী,ঘুষ বিরোধী আইনের লঙ্ঘন এড়াতে কর্মীদের ক্লায়েন্টের কাছ থেকে উপহার গ্রহণ কিংবা দেওয়ার আগে অনুমতি নিতে হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএম