সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ফলাফলে অসঙ্গতি রয়েছে দাবি করে ভোট পুনঃগণনার জন্য আবেদন করেছে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বরাবর এ আবেদন করেন তিনি।
এম আকবর আলীর অভিযোগ, সিরাজগঞ্জ-৪ আসনে মোট ১৪৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে এক লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পান। জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পান এক লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। যা তার চেয়ে ৭৬৫ ভোট কম। ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ এই ফলাফল ঘোষণা করেন। পরে উপজেলা কার্যালয়ে থেকে ফলাফল জেলা রিটার্নিং কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ধানের শীষ ও তার কোনো সমর্থক উপস্থিত ছাড়াই পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। তাতে দাঁড়িপাল্লা প্রতীকে দুই হাজার ১৭৯টি ও ধানের শীষ প্রতীকে ৮২০টি পোস্টাল ব্যালটের ভোট দেখানো হয়। এতে ধানের শীষ প্রতীককে ৫৯৪ ভোটে পরাজিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এমন ফলাফলকে পূর্বপরিকল্পিত ও সন্দেহজনক বলে দাবি করেন তিনি।
আবেদনে আকবর আলী আরও বলেন, ভোট চলাকালে নির্বাচনি এলাকার বেশ কয়েকটি কেন্দ্রে থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রতি আস্থা রেখে কোনো প্রতিবাদ করেননি। তবে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল স্থগিত না করলে ন্যায় বিচারের স্বার্থে আদালতে মামলা করবেন বলে জানান।
এম এ মালেক/এসআর/এমএস