দেশজুড়ে

ফেনীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি

নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও জামায়াত কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলায় এক কৃষক দল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের ফুলগাজী উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার নাম মো. সুমন। তিনি মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মুন্সিরহাট বাজার এলাকায় জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানতে পেরেছি। দলের সাইনবোর্ড ব্যবহার করে যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/জেআইএম