খেলাধুলা

ভিয়েতনামকে ৬ গোলে উড়িয়ে বাংলাদেশকে সতর্ক করলো চীন

নারী এশিয়ান কাপে ১৪ বার খেলে ৯ বার চ্যাম্পিয়ন হওয়া চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই মর্যাদার এই মঞ্চে অভিষেক হবে বাংলাদেশের। আগামী ৩ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে ইতিহাসের নতুন পাতায় নাম লেখাবেন বাংলাদেশের মেয়েরা। চীন এশিয়ান কাপের শিরোপা ধরে রাখতে প্রীতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ভিয়েতনামের মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে। বাংলাদেশ যে চীনের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলবে সেই চীন সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ভিয়েতনামকে। শুক্রবার ঘরের মাঠে হওয়া দ্বিতীয় প্রীতি ম্যাচে এই জয় পেয়েছে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে জিতেছিল ২-০ গোলে।

এশিয়ান কাপের গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। বাংলাদেশের তিন প্রতিপক্ষই পূর্ণ প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে। চীন এশিয়ান কাপে খেলছে সরাসরি। নভেম্বরে চীন দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল এবং স্কটল্যান্ডের কাছে হেরেছিল ৩-২ গোলে। এই তো এ সপ্তাহে চীন দুটি আনঅফিসিয়ালি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভিয়েতনামের বিপক্ষে।

উত্তর কোরিয়া কোয়ালিফাইয়ের পর নভেম্বরে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে রাশিয়ার বিপক্ষে। একটি ৫-২ গোলে জিতেছে এবং একটি ১-১ গোলে ড্র করেছে। কোয়ালিফাইয়ের পর সবচেয়ে বেশি ৫ টি প্রস্তুতি ম্যাচ খেলেছে উজবেকিস্তান। ফিলিপাইনের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ইরানের বিপক্ষে ২-০ ও ১-০ গোলে জিতেছে। সর্বশেষ ভিয়েতনামের বিপক্ষে দুটি ম্যাচ খেলে প্রথমটিতে ১-০ গোলে হেরে পরেরটি জিতেছে ৬-২ গোলে।

নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে কমপক্ষে তৃতীয় হতে হবে। বাংলাদেশ এবং উজবেকিস্তানের মধ্যেই তৃতীয় হওয়ার লড়াইটা হবে। উজবেকিস্তান কোমর বেঁধে নেমেছে নকআউট পর্বে উঠতে। এরই মধ্যে তারা পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপের দিকে তাকালে একটা বিষয় বোঝা যায় বাংলাদেশ ও উজবেকিস্তান ম্যাচের জয়ী দলটিরই তৃতীয় হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশ অভিষেক আসরে কতদূর যেতে পারে সেটাই দেখার বিষয়।

নারী এশিয়ান কাপে সবচেয়ে সফল দেশ চীন। ৯ বার চ্যাম্পিয়ন দলটি। উত্তর কোরিয়া ও উজবেকিস্তানেরও আছে সমৃদ্ধ অতীত। উত্তর কোরিয়া তিনবারের চ্যাম্পিয়ন এবং উজবেকিস্তানের আছে ৫ বার এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা। বাংলাদেশকে ভালো কিছু করার সম্ভাবনা তৈরি করতে হলে গ্রুপ পর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বকাপের খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে চমক দেখাতে হবে।

এশিয়ান কাপের টিকিট নিশ্চিতের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল চারটি ম্যাচ খেলে চারটিই হেরেছে। গত বছর অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে দুটি ম্যাচ খেলে কোচ পিটার বাটলারের ভুলে বাংলাদেশ হেরেছিল ৩-০ ও ৫-১ গোলে। এর পর ঘরের মাঠে মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে। এর আগে বাফুফে ঘোষণা করেছিল ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড যাবে। সেখানে ক্যাম্প করে তারপর অস্ট্রেলিয়া। এখন থাইল্যান্ডে অনুশীলন ও ম্যাচের সুযোগ না পাওয়ায় সরাসরি সিডনি গিয়ে ক্যাম্প করে সেখানে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলবে। ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ চীনের বিপক্ষে।

আরআই/আইএন