আসন্ন রমজান উপলক্ষে যানজট নিরসনে ঢাকা মহানগরীর বিপণি-বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
সভায় ঢাকা মহানগর এলাকার বিপণি-বিতান, শপিংমলগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
বিপণি-বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, আসন্ন রমজানে যানজট নিরসনের জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। রমজানে যেন সড়কে যানজট সৃষ্টি না হয় ও পথচারী চলাচলের রাস্তা ফুটপাত ব্যবহার করে মানুষ যেন অনায়াসে চলাফেরা করতে পারে সেজন্য পুলিশের পাশাপাশি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে এবং আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি। সবার আন্তরিক সহযোগিতায় রমজান সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রমজানে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত দেন।
সমন্বয় সভায় বিপণি-বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিটি/এমকেআর