দেশজুড়ে

টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে অজ্ঞাতপরিচয় দুই তরুণ-তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মিটাপানিরছড়া সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, বুধবার সকালে মেরিন ড্রাইভের মিটাপানিরছড়া এলাকায় সমুদ্র সৈকতে দুজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। নিহত দুজনের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এএসএম