মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে। উভয় পক্ষ জেনেভায় দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু করছে। খবর এএফপির।
এই যুদ্ধের উভয় পক্ষকে একত্রিত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য অর্থপূর্ণ অগ্রগতি এনেছে এবং এই ভয়াবহ সংঘাতে হত্যাকাণ্ড বন্ধে তার নেতৃত্বে কাজ করতে পেরে আমরা গর্বিত। উভয় পক্ষই একটি চুক্তির দিকে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা অগ্রসর হলেও ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন (ইউএভি) ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম।
প্রতিবেদনের তথ্যমতে, মোট ৩৯২টি আক্রমন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—২০টি বি-১০১ এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, চারটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি বি-৫৯/৬৯ গাইডেড এয়ার-লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন যার মধ্যে শাহেদ, গেরবেরা, ইতালমাসসহ অন্যান্য ইউএভি রয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দিয়েছিল রাশিয়া। শর্ত হচ্ছে- ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবু-ধাবিতেই আরেক দফা ত্রিদেশীয় বৈঠক হয়।
টিটিএন