দীর্ঘ ১৮ মাস সদ্যবিদায়ী অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন শফিকুল আলম। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হয়।
তার সেই দায়িত্ব পালন শেষ হয়েছে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর। আবার তিনি ফিরে গেছেন তার আগের পেশা সাংবাদিকতায়। নতুন দায়িত্ব নিয়ে নতুন কাজে যোগও দিয়েছেন তিনি।
এরমধ্যে চিত্রনায়ক রুবেলকে নিয়ে একটি পোস্ট করেছেন। খানিকটা রসিকতার আমেজে সেই পোস্টটি দিয়ে নিজের আগের পেশায় ফিরে যাবার বার্তা দিয়েছেন তিনি। সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এবার আবার চ্যানেল ঢাকা’র দিনগুলোতে ফিরে গিয়ে আমার প্রিয় রুবেল দ্য কুংফু কিংকে নিয়ে লেখার সময় এসেছে।’
তার পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্যের বক্সে দেখা যাচ্ছে হাস্যরসের ভরপুর সব মতামত। শফিকুল আলমও রসিকতা করে অনেকের মন্তব্যের রিপ্লাই দিচ্ছেন।
শফিকুল আলমের পোস্ট করা ছবিতে নায়ক রুবেলকে দেখা যাচ্ছে বেশ কয়েক আলেম-হুজুরদের সঙ্গে বসে আছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে ড. ইউনূসসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শফিকুল আলম। সেখানে তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর পুরো সময়ে একটি দিনও ছুটি নেননি। কোনো কোনো কর্মদিবস শুরু হয়েছে ভোর ৬টায়, শেষ হয়েছে রাত ২টায়।
ক্ষমতা বা অর্থের প্রতি আকর্ষণ নয়, বরং কাজের পরিপূর্ণতাই ছিল লক্ষ্য। আঠারো মাসের নিরবচ্ছিন্ন দায়িত্বপালনের অভিজ্ঞতা তুলে ধরে এমনটাই জানিয়েছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাবেক প্রেসসচিব শফিকুল আলম।
এলআইএ