আইন-আদালত

গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বেসরকারি ডেভেলপার প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সারদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

আদালত পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন নির্ধারণ করেছেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সরকারি কৌঁসুলি মির আহাম্মদ সালাম।

মামলার নথি অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, সারদার মোশাররফ হোসেন এবং তার সহকর্মী শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখলে নেন এবং পরে সেটি নিজেদের নামে নিবন্ধন করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, দুদক ২০২৫ সালের ১১ ডিসেম্বর টিউলিপ সিদ্দিক ও সারদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালতের আদেশের পর মামলার বিচার কার্যক্রম পরবর্তী ধাপে এগোবে।

এমডিএএ/বিএ