শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা অনেক বেশি। আর আমাদের মিশন একটাই— মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় এ কথা বলেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, কাজ করতে হলে টিমওয়াইজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সফলতা আসবে।
তিনি বলেন, কাজের ক্ষেত্রে যে গাইডলাইন রয়েছে এবং দলের যে ইশতেহার আছে, সেটিকেই সামনে রেখে কাজ করতে হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, বিগত ১ বছরে কি কি কাজ হয়েছে সেটা দেখে বুঝতে পারবো কি কি ঘাটতি আছে। দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কি করবো তার একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বা কার্য বিধিমালার বাইরে আমরা যাবো না। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাবেন।
মন্ত্রী বলেন, আপনারা- আমরা সবাইকে কাজ করতে হবে এবং সেটা টিমে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। যা জানানোর প্রয়োজন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
তিনি বলেন, মাহে রমজান আসছে। রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না হতে পারে সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।
পরিচিতিমূলক সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদান করা প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রথম তিন মাসের একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে যে প্রথম তিন মাসে আমরা এ কাজগুলো করব। তিনি বলেন, আমরা মানুষকে যেন বলতে পারি যে তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক উপদেষ্টা বেশ কিছু সাজেশন দিয়ে গেছেন আমরা উনার পরামর্শগুলো আমলে নেব।
তিনি আরও বলেন, ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে কোন জায়গায় বা কোন কোন সেক্টরে হতে পারে সেটি যেন আগেই আমরা সমাধান করতে পারি।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএএস/এমএএইচ/