ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয়ও কার্যালয়ে ছাত্রলীগ নেতা শেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিও দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলার ছাত্র লীগের সভাপতি কাজী কাওসার টিটো জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেননি। আর ফেসবুকের ভিডিও দেখার সময় আমাদের নেই।’
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম