পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, রমজান মাস আত্মসংযম, আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক সুমহান মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ হয়।
তারা আরও বলেন, গুনাহ থেকে মুক্ত হয়ে কল্যাণকর জীবন গড়ার পথে উদ্বুদ্ধ করে পবিত্র মাস রমজান। ব্যক্তিগত জীবনের শুদ্ধতার চর্চার এই ছোঁয়া আসুক আমাদের রাষ্ট্রীয় জীবনেও। রমজানের আলোয় আলোকিত হোক আমাদের প্রাত্যহিক যাপিত জীবন। ভ্রাতৃত্বের বন্ধনে উদ্ভাসিত হোক মুসলিম উম্মাহ।
এফএআর/বিএ