অর্থনীতি

সমৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি এফআইসিসিআই’র

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) বিশ্বাস করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্ব দেবে। সেই সঙ্গে প্রয়োজনীয় কাঠামোগত ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এ আশাবাদ ব্যক্ত করেছে এফআইসিসিআই।

এফআইসিসিআই আশা প্রকাশ করে যে জনগণের সমর্থনে গঠিত এই সরকার দেশের অগ্রগতির জন্য গ্রহণ করা লক্ষ্যগুলো সময়মতো কার্যকর পদক্ষেপে রূপান্তর করবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বিদেশি বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্ব দেবে। প্রয়োজনীয় কাঠামোগত ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে এটি বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

বিদেশি বিনিয়োগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এফআইসিসিআই সরকারকে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক সংস্কার এগিয়ে নেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে তারা সরকারে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী।

এফআইসিসিআই’র সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশকে এগিয়ে নিতে আমরা সরকারের সর্বাঙ্গীন সফলতা কামনা করি।’

তিনি বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন, ব্যবসা পরিচালনা সহজীকরণ, ব্যয় হ্রাস, নীতিগত স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন, বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইআইচও/এমএমএআর