রাজনীতি

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ওই পোস্টে জাইমা লেখেন, তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ তারেক রহমান। বাবার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতা তাকে অনুপ্রাণিত করে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে এসব কথা বলেন জাইমা রহমান। সেই পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবেও উল্লেখ করেন।

জাইমা রহমান লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’

ফেসবুকে ব্যারিস্টার জাইমা আরও লেখেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’

এমএমকে/